দেশের বাজারে নকল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ছড়াছাড়ি। এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা ও শস্তি দেয়া হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি। এর সাথে রয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছে বেশি মূল্য রাখা। শুধু দোকানিরাই যে বেশি দাম রাখছে তা নয়। কোম্পানিগুলো যে যার মতন দাম রাখছে। ইচ্ছে হলেই দাম বাড়িয়ে দিচ্ছে জীবন রক্ষাকারী ঔষধের। হৃদরোগ, কিডনির রোগ, গ্যাস্ট্রিক-আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অনেক রোগের ঔষধের মূল্যই সম্প্রতি কয়েকগুণ বেড়েছে। বেড়েছে অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের ভিাটামিনের দামও। এ ছাড়া প্যারাসিটামলের মতো অতিপ্রয়োজনীয় ঔষধের দামও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষজনের ভোগান্তির কোনো সীমা থাকবে না। এ অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক বাজারে ঔষধের কাঁচামালের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে ঔষধের দাম বাড়ানোর কথা বলে কোম্পানিগুলো। কিন্তু এই প্রেক্ষিতে দাম যে হারে বাড়া উচিত সে হারে বাড়ছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। অন্যদিকে মানহীন ও ভেজাল ভেজাল ঔষধে বাজার সয়লাব। মানহীন ও ভেজাল ঔষধ খেয়ে রোগ সারার বদলে আরও বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে দেশে ঔষধের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কোন স্তরেই সরকারি পরীক্ষাগারে মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। বিপণনের পর অধিদপ্তরের কর্মকর্তারা বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান। তখন ঔষধের মান জানা যায়। এর আগ পর্যন্ত পরীক্ষাহীন, মান না জানা ঔষধই ব্যবহার করে মানুষজন। এভাবেই ঔষধ কোম্পানিগুলো এদেশের মানুষকে রীতিমত গিনিপিগে পরিণত করেছে। এক হিসাব দেখা যায়, প্রতিবছর ১২ হাজার আইটেম ঔষধ বাজারে আসছে। কিন্তু ঔষধ প্রশাসনের যে লোকবল ও যন্ত্রপাতি রয়েছে তাতে তারা মাত্র সাড়ে তিন হাজার আইটেম ঔষধের নমুনা পরীক্ষা করতে পারে। বাকি ৭০ শতাংশ ঔষধের মান যাচাইহীন অবস্থায় রয়ে যায়। বাজারে যে ভিটামিন পাওয়া যায় তাতে ১৮টি খনিজ সম্পদ আছে বলে উল্লেখ করা হলেও এর ছিটেফোঁটাও আছে কিনা পরীক্ষার অভাবে তা জানা সম্ভব নয়। ঔষধ প্রশাসন পরিদপ্তরকে ২০১০ এর ১৭ জানুয়ারি অধিদপ্তরে রূপান্তর করা হয়। কিন্তু এর তেমন কোন উন্নতি হয়নি। নেই ঔষধের মানযাচাই ও পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিও। এ অবস্থার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ১৯৯১ সালে তৎকালীন সরকার আটটি নির্দেশনাসহ একটি নির্দেশনা জারি করে। যেসব কোম্পানি জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ১১৭টি ঔষধের মধ্যে কমপক্ষে ৬০ ভাগ ঔষধ তৈরি করবে সেসব কোম্পানি ওইসব ঔষধের মূল্য নির্ধারণসহ অন্যান্য সুযোগসুবিধা পাবে। কিন্তু বেশিরভাগ কোম্পানি তা না করেও ঔষধের মূল্য নিজেরাই নির্ধারণ করে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধের মান এবং মূল্য দুটোই যাতে ঠিক থাকে সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের কোনো বিকল্প নেই।