দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্মিত হচ্ছে শহীদ মিনার। চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে স্কুল সংস্কারের টাকায় ১৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের কাজ শুরু হলে ইতোমধ্যে ১৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মানের কাজ সমাপ্ত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী একযোগে নির্মানকৃত শহীদ মিনারগুলি উদ্বোধন করা হয়। বর্তমানে ৮টি বিদ্যালয়ে শহীদ মিনারের নির্মানকাজ অব্যাহত রয়েছে।
উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদ উল আলম ও প্রধান শিক্ষক মাহবুবা আকতার জানান, সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ ও সংগৃহিত চাঁদার টাকায় অত্র প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মান করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা শিশুকাল থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে। ভাষার মর্যাদা বুঝতে শিখছে। শিক্ষার্থীদের ভাষা সৈনিকদের আত্মত্যাগ সম্পর্কে এখন থেকেই শেখানো হচ্ছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য মিফতাহুল জান্নাত মাইশা জানায়, শহীদ মিনারটি নির্মান হওয়ায় আমরা খুশি হয়েছি। অনেক সুবিধা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন জানান, স্থানীয় শহীদ মিনারে সকল জাতীয় দিবসে শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় লোকজন শ্রদ্ধা জানাতে পারবে। জাতির গৌরবাজ্জল সঠিক ইতিহাস, ভাষা শহীদদের আত্মত্যাগ, দেশপ্রেম সম্পর্কে শিক্ষার্থীদের শেখাতে উপজেলায় কর্মরত সকল শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সহযোগিতায় কয়েকটি বাদে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা হয়েছে। মুজিব বর্ষের আগেই অর্থাৎ ১৭ মার্চের আগেই সবকটি বিদ্যালয়ে নির্মানকাজ সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা জানান, কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেম, শ্রদ্ধাবোধ, আবেগ, অনুরাগ, নৈতিকতা শেখাতে সরকার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। এরই অংশ হিসেবে অত্র উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছিল। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রীয় শহীদ মিনার করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী জানান, অত্র দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নির্বাচনী এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক সকল জাতীয় দিবস উদযাপনের জন্য নির্দেশ দেয়া আছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করছেন। এজন্য ধারাবাহিকতা ধরে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম নেয়া হয়েছে। ভবিষ্যতে উন্নত দেশপ্রেম, উন্নত মানসিকতা, বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে আগামী প্রজন্মকে তৈরী করতে হবে।