পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আতাইকুলা থানার মধুপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।
পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারি পরিচালক দুলাল মিয়া জানান, একটি ট্রাকে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন। ঘটনার সময় পথিমধ্যে মধুপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল হামিদ মারা যান।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে শরীফ হোসেন (৩০), আবদুল লতিফ (৪০) ও নাজির হোসেন (৩০) কে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও লতিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।