দলের সাবেক তারকা অঁতোয়ান গ্রিজমানকে ঘরের মাঠে পেয়ে দুয়ো দিয়েছিল আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। এই ঘটনায় মাদ্রিদের দলটিকে ১২ হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত ১ ডিসেম্বর বার্সেলোনার বিপক্ষে লা লিগা ম্যাচে ঘটে এই ঘটনা। লিওনেল মেসির শেষ সময়ের গোলে ম্যাচটি ১-০ গোলে জেতে বার্সেলোনা। ম্যাচ চলাকালীন সময়ে স্বাগতিক সমর্থকরা গ্যালারিতে ‘মর গ্রিজমান মর’ বলে দুয়ো দেয়। অনেকের হাতে ছিল গ্রিজমান বিরোধী ব্যানার। যদিও রেফারির ম্যাচ রিপোর্টে ২৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকাকে দেওয়া দুয়োর বিষয়টি উল্লেখ ছিল না। গত জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর পুরোনো শিবিরে ফরাসি ফরোয়ার্ডের এটি ছিল প্রথম ম্যাচ। বুধবার এক বিবৃতিতে দুয়োর কারণে জরিমানার খবর নিশ্চিত করে ফেডারেশনের কম্পিটিশন কমিটি।