দিনাজপুরের খানসামায় তিনটি করাতকল (স'মিল) এর লাইসেন্স না থাকায় মালিকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাকেরহাট ও পুলহাট বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ অনুসারে লাইসেন্স না থাকায় পাকেরহাটের করাতকল মালিক আঃ সালাম শাহ্ ও নিজামদ্দীন এবং পুলহাট বাজারের ফিরোজ শাহীন প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক করাতকল গুলোর লাইন্সেস না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, লাইসেন্স করার জন্য করাতকল মালিকদের বারবার বলা হয়েছিল। উপজেলার করাতগুলোর শতভাগ লাইসেন্স না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।