দিনাজপুরের খানসামা উপজেলার কৃতী সন্তান মোঃ তৈয়বুর রহমান টিপু পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে এ ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণা কার্যের প্রধান সুপারভাইজার ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ সেকেন্দার আলী। তৈয়বুর রহমান টিপু ১৯৮০ সালে উপজেলার গোয়ালডিহি (তেলিপাড়া) গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা মোঃ লোকমান হাকিম দুলাল ও মাতা মৃত মোছাঃ তৌহিদা খাতুন। তিনি তাঁর বাবা-মায়ের জৈষ্ঠ পুত্র সন্তান। তাঁর পড়াশোনার হাতেখড়ি শুরু হয় খানসামা উপজেলার গোয়ালডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে। এরপর তিনি গোয়ালডিহি উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি (প্রথম বিভাগ) পাস করে ১৯৯৮ সালে পাকেরহাট ডিগ্রী কলেজ থেকে এইচএসসি (প্রথম বিভাগ) পাস করেন। ২০০২ সালে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল) বিএসসি এজি এবং ২০০৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ হতে এমএস (প্রথম শ্রেনি) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের সবোর্চ্চ প্রতিষ্ঠান) এ কর্মরত আছেন। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।