পড়ালেখায় ভালো ফলাফল ধরে রাখা মেয়েরাই এখন সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, বিগত কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় পড়ালেখায় মেয়েদের পরীক্ষার ফলাফল এখন অনেক ভালো। মেয়েরা পড়াশুনা, খেলাধুলা, সংস্কৃতি, রাজনীতি সবকিছুতেই আছে। এখন যারা ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে তারাই সবক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। যারা ভালো তাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর ঐতিহ্যবাহী লালকুঠি বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ভালো পড়ালেখা করতে হবে। দেশ যত মেধাবী শিক্ষার্থীতে সমৃদ্ধ হবে, ততোই দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বে এখন এগিয়ে যাবার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় মেয়েদের সাফল্য ঈর্শ্বনীয়। এ সময় দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী ও জয়িতাদের দেখে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ হতে আহবান জানান নগরপিতা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুর রউফ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু প্রমুখ।
সকাল এগারোটায় জাতীয় ও অলিম্পিক পতাকাসহ বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিরা শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ করে। এরপর গার্লস্ গাইডদের মাঠ পরিক্রমণ ও অভিবাদন শেষে মনোজ্ঞ শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠেন শিক্ষার্থীরা। বিকেলে আলোচনা অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য, অভিভাবকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।