জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজে ‘বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট-২০২০’ উদ্বোধন করা হয়েছে।
এতে অংশগ্রহণ করেছে কলেজের ১৭ টি বিভাগের শিক্ষার্থীরা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় কলেজের ইতিহাস বিভাগ (নীল জার্সি) বনাম ব্যবপস্থাপনা বিভাগ (সবুজ জার্সি)। নকআউট পদ্ধতির খেলায় ব্যবপস্থাপনা বিভাগকে ২-০ সেটে পরাজিত করে বিজয়ী হয় ইতিহাস বিভাগ।
খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ভলিবল খেলোয়াড় মীম ও জাকির।
গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে ‘বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট-২০২০’ এর উদ্বোধন করেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।
উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আমরা কলেজের অভ্যন্তরে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি। মহান এই নেতার জন্মশত বার্ষিকী আগামী ১৭ই মার্চ একযোগে সারাদেশে পালিত হবে। সেদিন আমরা এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত করবো।
খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল জলিল আহমেদ, মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. ইদ্রিস মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো. দাইমুল ইসলাম।
আলোচনা সভা শেষে কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের সদস্যদের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অতিথিবৃন্দ উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
আয়োজক কমিটি জানান, প্রতিদিন একটি করে খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মার্চ।