দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম) (পিপিএম) (বার) বলেছেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীগণ থানায় এসে যাতে নির্ভিগ্নে মনের কথা বলতে পারে, সেজন্য জেলার প্রত্যেকটি থানায় আলাদা সার্ভিস ডেক্স চালু করা হয়েছে। প্রতিবন্ধীগণ সমাজের বোঝা নয়, তারাও এদেশের নাগরিক। তাদের সকল সুযোগ সুবিধা দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
গতকাল ২২ ফেব্রেুয়ারী সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর থানায় মুজিব শতবর্ষ উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথি আরো বলেন, থানায় সেবা নিতে আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীগণ যাতে বিব্রত বা হয়রাণীর শিকার না হয়, সেজন্য একজন নারী পুলিশ কর্মকর্তা এ সার্ভিস ডেক্সের দায়িত্বে থাকবে।
চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ি সার্কেল) মোহাম্মদ আশিস বিন হাসান (পিপিএম), থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) রইস আহমেদ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।