সারা দেশের ন্যায় নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে।
রাত ১২.০১ মিনিটে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত করণ, প্রভাত ফেরী ও ভাষা আন্দোলন এবং ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা। উপজেলার উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ।
সভা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মুজিবশতবর্ষ উপলক্ষে নিয়ামতপুর কিন্ডার গার্টেন এ্যান্ড হাই স্কুলের নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন এবং পুস্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি আবুল কালাম আজাদ প্রমূখ।