নাটোরের সিংড়ায় শেরকোল আর এস ডি থেকে ধুলিয়াডাঙা-পাটকান্দি পর্যন্ত ৫.৫ কিলোমিটার পাকা সড়ক রিপাইরিং কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, রাস্তার কার্পেটিং কাজের গুনগত মান খারাপ করা হচ্ছে। ধুলো-ময়লার উপরই যত্রতত্র করা হচ্ছে কার্পেটিং কাজ। আর তড়ি ঘড়ি করে রাস্তার ধুলো পরিস্কার না করেই যত্রতত্র ভাবে কার্পেটিং করায় অনেক জায়গায় পাথর উঠে যাচ্ছে।
সিংড়া উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে সিংড়া উপজেলা গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় শেরকোল আর এসডি থেকে ধুলিয়াডাঙা-পাটকান্দি পর্যন্ত ১কোটি ২১ লক্ষ ৬৯ হাজার ৪২১ টাকা চুক্তি মূল্যে ৫.৫ কিলোমিটার পাকা রাস্তা রিপাইরিং কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান রুকু এন্টার প্রাইজ, রাজশাহী। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবু হেনা। কিন্তু পরে কাজটি ফারুক হোসেন ও টিজান নামের দুই সাব কন্ট্রাক্টর এর কাছে বিক্রয় করে দেন তিনি।
বুধবার দুপুর ১২ টায় সরোজমিনে পুঠিমারী উচ্চবিদ্যালয় সংলগ্ন রাস্তায় গিয়ে দেখা যায়, রাস্তা ভালোভাবে পরিষ্কার না করেই ধুলা-ময়লার উপর কার্পেটিং কাজ করা হচ্ছে। আর কার্পেটিং কাজে ব্যবহ্নত পাথরে কোন পিচ মিশ্রিত নেই বললেই চলে। যেন তড়ি ঘড়ি করে যত্রতত্র ভাবে কার্পেটিং করায় একটুতেই অনেক জায়গার কার্পেটিং উঠে যাচ্ছে।
স্থানীয় কৃষক সিরাজ আলী ও নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, রাস্তার কাজ ভালো হচ্ছে না। আমরা কি কমু? আমরা তো সাধারণ মানুষ। যারা নেতা-খেতা তারাই কিছু কয় না। আর আমাদের কথা তো কেউ হুনবো।
কাজে নিয়োজিত লেবার সরদার মনির উদ্দিন বলেন, সামান্য টুকু এলাকায় স্কুলের ছেলে মেয়েদের পায়ের ধুলো-ময়লা এসেছে। কাজে নিয়োজিত লেবারদের ধমক দিয়ে বলেন-এই এখানে আবার ভালো ভাবে পরিস্কার কর। আর রাস্তার কাজ দেখার দায়িত্বে নিয়োজিত মো. টিজান নামের এক ব্যক্তি বলেন, তিনি এই কাজের পার্টনার। এটা মাত্র ৯৮ লক্ষ টাকার রিপাইরিং কাজ। তবে যেটুকুতে ধুলো-ময়লা রয়েছে আবার ভাল ভাবে পরিস্কার করা হবে। ভাই বুজেন তো এই জায়গায় স্কুলের বাচ্চারা কথা শুনে না।
উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, এই ভাবে কাজ করার কোন সুযোগ নেই। যথাযথ ব্যবস্থা নেয়া হবে।