বগুড়ার নন্দীগ্রামে একটি সরকারি অফিস ও চারটি ব্যবসা প্রতিষ্টানে দুর্বৃত্তরা হানা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট মাসুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। সে মামলায় পুলিশ রংপুর জেলার সেলপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে আপেল মাহমুদ (২৮) কে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চুরিকাজে ব্যবহ্নত একটি পিক আপসহ (বগুড়া ন-১১-০২৬৭) ও প্রাণি সম্পদ অফিসের মনিটর ও স্ক্যানার উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম পৌর শহরের শহীদ আকরাম সড়কে প্রাণি সম্পদ অফিসের পিছনের জানালা কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। এরপর আলমারীর তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে ২টি মনিটর, ১টি স্ক্যানার ও প্রজেক্টর নিয়ে যায়। এ ছাড়া প্রাণি সম্পদ অফিস সংলগ্ন সৌদি জুয়েলার্স, আপন জুয়েলার্স, সাবিত্রী জুয়েলার্স ও বিসমিল্লাহ টাইলস ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা মালামাল নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।