গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজ ব্যাপক জনপ্রিয়। তবে এখন তরমুজ খাওয়ার জন্য গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। শীতের শেষ দিকেই বাজারে দেখা মেলে এই সুস্বাদু ফলের। আগাম জাতের এই তরমুজ এখন বাজারে ক্রেতাদের তৃপ্তি দিচ্ছে।
পাবনার বেড়া উপজেলার বেড়া বাজারে মাঘ মাসের শেষ থেকেই তরমুজ বিক্রি শুরু হয়েছে। দাম বেশি হলেও মৌসুমের আগেই এ রসালো ফল পেয়ে ক্রেতারাও বেশ খুশি। বিক্রিও বেশ ভালো হচ্ছে। বেড়া বাজারের বিক্রেতা ফারুক জানান, প্রতি কেজি ৪৫ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। তবে ছোট তরমুজের দাম একটু কম। তরমুজ কিনতে আসা একজন ক্রেতা জানালেন, অসময়ে এই তরমুজ পেয়ে বেশ খুশি। দাম একটু বেশি হলেও ছেলেমেয়েদের পছন্দ। বেড়া কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ আহমেদের কাছ থেকে জানা যায়, এসব আগাম জাতের এসব তরমুজ চাষে কৃষকরা বেশ লাভবান হচ্ছে।