১০০ দিনের চুক্তিতে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান নিউজিল্যান্ড কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। গতবছর জুলাইয়ে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া সাবেক কিউই স্পিনার প্রথম কাজ শুরু করেন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। কিন্তু শুধু সিরিজ হিসেবে কাজ করেন বলে ফাঁকা সময়ে স্পিনারদের নিয়ে বাড়তি কিছু করার সুযোগ থাকেনা ভেট্টোরির। দেরিতে হলেও টনক নড়েছে বিসিবির। ভেট্টোরির সাথে চুক্তির ধরণে আসতে যাচ্ছে পরিবর্তন। পাকিস্তান সফরে নিরাপত্তা শঙ্কায় নিজের না যাওয়ার বিষয়টি নিশিচত করেন আগেই। ফলে ভারত সফরই একমাত্র কাজ হয়ে আছে ভেট্টোরির। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দলের স্পিনার নিয়ে নিজের কাজ করার কথা ভেট্টোরির। তবে মিরপুর টেস্ট সামনে রেখে মঙ্গলবার থেক শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে ছিলেন না এই নিউজিল্যান্ড তারকা। যদিও দ্রুতই যোগ দিবেন বলে আশা করা যাচ্ছে। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ভেট্টোরির সাথে। ১০০ দিনের চুক্তিতে একদিনে পাবেন ২৫০০ মার্কিন ডলার। যা দেশের ক্রিকেট ইতিহাসে কোন কোচের পেছনে দৈনিক হারে ব্যয় করা সবচেয়ে বেশি অর্থ। শুধুমাত্র সিরিজ চলাকালীন কাজ করেন বলে হাই পারফরম্যান্স ও বয়সভিত্তিক দলগুলোর সাথে কাজ করার ফুসরত মেলেনা ভেট্টরির। আর সে কারণেই পাইপলাইনের স্পিনারদের নিয়ে কাজ করানো লক্ষ্যেই এবার চুক্তির ধরনে আসবে পরিবর্তন। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘হ্যা আমরা চুক্তির ধরণ পরিবর্তন নিয়ে কাজ করছি। সেও এই ব্যাপারে আগ্রহী, যেহেতু তার হাতেও সময় আছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে সে এমন একজন যে আন্তর্জাতিক ম্যাচের সময় ড্রেসিং রুমে তার অবস্থানই খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলে। তার কাছ থেকে সেরাটা পেতে আমাদের অবশ্যই সঠিক ভারসাম্য নিশ্চিত করতে হবে।’