বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দিনাজপুরে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা প্রত্যাহার ও ইলিয়াস কাঞ্চনকে ক্ষমা চাওয়ার দাবী জানান। মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত পরিবহন শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেন তারা।
মঙ্গলবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয় থেকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি’র নেতৃত্বে এবং দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও টাষ্ট্রক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা’র নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আমরাও নিরাপদ সড়ক চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই, বাঁচার মত বাঁচতে চাই। সড়ক নিরাপদ করতে হলে শুধু চালক নয়, সড়কে চলাচলকারী যানবাহবসহ পথচারী সবাইকে সচেতন হতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে দায়ের করা ইলিযাস কাঞ্চনের মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবহন সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবী জানানো হয়। পরিবহন শ্রমিকদের ন্যায়্য দাবী মানা না হলে দেশের ৭০ লাখ পরিবহন শ্রমিক রাস্তায় নামতে বাধ্য হবে বলে সমাবেশে জানান শ্রমিক নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ মো. ফজলে রাব্বি, সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুর রাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সাংগঠনিক মো. সাহাবুব ভাগিনা, জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও টাষ্ট্রক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা, সাংগঠনিক সম্পাদক মো. খন্দকার নয়ন উদ্দিন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা ফারুক আহম্মেদ, আলমগীর হোসেন প্রমূখ।