পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের প্রধান ফটক তালাবদ্ধ করার ঘটনায় ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালাবদ্ধ প্রধান ফটকের তালাও ভেঙ্গে ফেলে। তালাবদ্ধ করার ঘটনা প্রসঙ্গে অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুরারী মোহন দাস বলেন,অধ্যক্ষ স্যার ফোনে নির্দেশ দেয়ায় প্রধান ফটকে তালা মারা হয়েছিল। তবে পশ্চিম পাশের পকেট গেট অবারিত ছিল।
ঈশ্বরদী উপজেলা ছত্রলীগের সভাপতি ও অত্র কলেজের ছাত্র মোঃ রাকিবুল হাসান রনি,সরকারী কলেজের প্রধান ফটকে তালা মারার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,ভুমি দস্যুদের মদদে এবং অসৎ উদ্দেশ্যে অধ্যক্ষ গেট তালাবদ্ধ করেছেন। এ সময় তিনি অধ্যক্ষ ও ৪ জন শিক্ষকের অপসারণের দাবী জানান।
ঘটনাস্থলে উপস্থিত থানার কর্মকর্তা ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন,কর্তৃপক্ষ কি উদ্দেশ্যে তালা মেরেছে তা আমরা জানিনা। তবে কলেজের মূল রাস্তা প্রয়োজন। কলেজের সামনের ১.৩৩ একর ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে কলেজের সাথে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলছে। এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন। মামলার বাদী মহিউদ্দিন ফোনে জানান,আমরা সকল ক্ষেত্রেই আদালতের রায় পেয়েছি। এরআগে হাইকোর্ট ওই জমি মন্ত্রণালয় হতে অধিগ্রহনের জন্য কলেজের অধ্যক্ষকে কার্যক্রম করার আদেশ দেন কিন্তু অধ্যক্ষ অধিগ্রহনের কার্যক্রম না করে আপীল করেন। এজন্য উচ্চ আদালত আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার অধ্যক্ষকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য তলব করেছে।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ড.আব্দুর রহিমকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী ও মাদকসেবী রাতে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য রাতে প্রধান ফটকে তালা দেয়ার নির্দেশনা ছিল। হাইকোর্টে তলবের সত্যতা স্বীকার করে তিনি বলেন,বিচারাধীন মামলা প্রসংগে কোন কথা বলতে চাই না। সরকার এবং মন্ত্রণালযের নির্দেশনা মোতাবেকই আমরা কাজ করছি। আমি বা আমরা কেউই নিজেদের জন্য কিছু করছি না,কলেজের স্বার্থে উপরের নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করছি মাত্র। তিনি আরো বলেন,আমরা বহিরাগত মানুষ,জমি-জমা নিয়ে কলেজের অনেক পুরানো মামলা-মোকদ্দমার বিষয়ে আমরা খুব একটা বুঝি না। তাই ঝামেলা এড়াতে আমি ও উপাধ্যক্ষ বদলীর জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আাবেদন জানিয়েছি।