দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজনুর রহমান মজনু হত্যা ঘটনার কুল কিনারা এখনও উদঘাটিত হয়নি।
তবে এ হত্যা মামলায় এজাহার ভূক্ত হোসেন শাহারিয়া সোহান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল।
রোববার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপির শেখপুরা গ্রামের মোঃ সহিদুল্লাহ এর পুত্র হোসেন শাহারিয়া সোহান (৩২)কে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল।
এদিকে ছাত্রদল নেতা মজনুর পিতা মোঃ ওবায়দুর রহমান ১৬ ফেব্রুয়ারী দুপুরে বোচাগঞ্জ থানায় সজল চৌধুরীকে প্রধান আসামি করে ১৪জনের নামে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বোচাগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা এস.আই সাদেকুর জানান মজনু হত্যার মামলা নং- ৫।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী রাতে বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সুকদেবপুর চৌরাস্তা নামক স্থানে অর্থের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ছাত্রদল নেতা মজনুর রহমান মজনু।