বনদস্যু জোনাব বাহিনীর হাতে ছয় দিন জিম্মি থাকার পর শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের বাটুল সরদার ও হরিনগর গ্রামের আবদুর রাজ্জাক বাড়িতে ফিরেছে। শনিবার রাতে বাড়িতে ফেরার আগে বনদস্যুদের দাবিকৃত টাকা পরিশোধের পর শনিবার দুপুরে সীমান্তবর্তী কালিন্দী নদীর রায়মঙ্গল এলাকায় অজিয়ার রহমানের নৌকায় তুলে দেয়া হয় জিম্মি দুই জেলেকে।
ফিরে আসা দুই জেলে বাটুল সরদার এবং আবদুর রাজ্জাক জানিয়েছে বনদস্যু জোনাব সাত সদস্যের ঐ বাহিনীর নেতৃত্বে রয়েছে। তিন সহযোগীকে নিয়ে সে ভারতের রায়মঙ্গল এলাকায় অবস্থান করে বাকি চার সদস্যকে দিয়ে সুন্দরবনের বাংলাদেশ সীমান্ত থেকে জেলেদের অপহরণ করে নিজের ডেরায় আটকে রেখে মুক্তিপণ আদায় করে।
জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসা দুই জেলে জানিয়েছে মুক্তিপণের টাকা দেরীতে যাওয়ায় তাদেরকে বেধড়ক মারপিট করে জোনাবের লোকজন।
উল্লেখ্য পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ শিকারে যাওয়ার দুই দিনের মাথায় অস্ত্রের মুখে গত সোমবার বাটুল ও আবদুর রাজ্জাককে জিম্মি করে দুই লাখ টাকা দাবি করে বনদস্যু জোনাব বাহিনী।