কালিগঞ্জে বিদ্যুতের আলোকিত হলো ৪৮২ টি পরিবার। শনিবার বিকেল ৪ টায় উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল মাঠে বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। এর মধ্য দিয়ে বিদ্যুতায়নের আওতায় এসেছে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের উত্তরশ্রীপুর ও দক্ষিনশ্রীপুর গ্রাম। দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, স্বাধীনতার পরে জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নবাসী বিদ্যুতায়নের আওতায় এলো। বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। বুঝতে হবে দক্ষিণ শ্রীপুরের মতো আরও অনেক এলাকা আছে, যেখানে এখনো বিদ্যুৎ পৌছায়নি। ২০০৯ সালের পূর্বে বিদ্যুৎ বিভাগের অবস্থা ছিলো অনেকটা বিপর্যস্ত। বর্তমানে বিদ্যুৎ বিভাগে এসেছে অভূতপূর্ব পরিবর্তন যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কারণে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূর্তপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শুধু বিদ্যুৎ খাতে নয় বর্তমান সরকার সকল সেক্টরেই সফলতা অর্জন করেছেন। শেখ হাসিনার সরকারকে উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের এজিএম শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, ইউপি সদস্য মনিরুল ইসলাম, মিলন হোসেন, মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।