প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ১২১ রানে, হাতে ছয় উইকেট। তবুও প্রতিপক্ষ মধ্যাঞ্চলকে বোনাস পয়েন্ট না দিতে ১১৪ রানে ইনিংস ঘোষণা করে দিল দক্ষিণাঞ্চল! কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনের মাঝামাঝি ইনিংস ঘোষণা করে দেয় দলটি। এর আগে ২৮.২ ওভারে ৪ উইকেটে ১১৪ রান করে তারা। প্রথম ১০০ ওভারে ৫ উইকেট নেওয়ার জন্য প্রতিটি দল পাবে ০.৫ পয়েন্ট। ৭ উইকেট নিলে পাওয়া যাবে ১ পয়েন্ট। নয় বা তার বেশি উইকেটের জন্য ১.৫ পয়েন্ট। বোলিংয়ে সর্বোচ্চ পাওয়া যাবে দেড় পয়েন্ট। যদিও দক্ষিণাঞ্চলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, দলকে ফাইনালে তুলতে এই কৌশল নিয়েছেন তারা। বিসিএলের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দক্ষিণাঞ্চল, তাদের পয়েন্ট ১৬.৩৯। ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মধ্যাঞ্চল।