সাতক্ষীরার শ্যামনগরে বনবিভাগ ও পরিবেশ আন্দোলনসহ স্থানীয়দের উদ্যোগে পৃথকভাবে সুন্দরবন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, তোরণ নির্মান, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বনবিভাগের পক্ষ থেকে বিসটি পালন উপলক্ষে বেলা দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবনের সম্পদ রক্ষা বিষয়ক আলোচনায় সভায় পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এমএ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই সিদ্দিকী, ওয়াইল্ড লাইফ কর্মকর্তা অমিত মন্ডল, কৃষি কর্মকর্তা আবুল হোসেন, সাংবাদিক শেখ আফজালুর রহমান, জাহিদ সুমন, আবু সাইদ প্রমুখ।
যদি থাকে সুন্দর মন, আসুন বাঁচাই সুন্দরবন- প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন তীরবর্তী গাবুরাতে সুন্দরবন দিবস পালন উপলক্ষে তোরণ নির্মানসহ র্যালী ও মানববন্ধন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্রতী ও নাবিক নামীয় বেসরকারি সংগঠনের সাথে মিলে স্থানীয়রা সুন্দরবন দিবস পালন করে।
শুরুতে বেলা দশটায় চকবারা এলাকা থেকে শুরু হয়ে সুন্দরবন সংলগ্ন ডুমুরিয়া এলাকা প্রদক্ষিন করে র্যালীটি। পরবর্তীতে ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন উপকূল রক্ষা বাঁধের উপর ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় জেলে বাউয়ালীসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবিয়ার রহমান, ফরহাদ হোসেন, সাইফুর রহমান প্রমুখ।
মানববন্ধন ও আলোচনা সভায় সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি সব ধরনের দুর্ণীতি রুখতে আহবান জানানো হয়।
উল্লেখ্য সুন্দরবনের জীব বৈচত্রি রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারী থেকে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বিষ টোপ ব্যবহার করে মাছ শিকারের বিষয়টি জীব বৈচিত্র রক্ষার প্রধান অন্তরায় হয়ে উঠেছে বলে বক্তরা দাবি করেন।