দিনাজপুরের ঘোড়াঘাটে আদালতের রায় উপেক্ষা করে যাতায়াতের রাস্তায় প্রাচির নির্মাণ করে একটি পরিবারকে ১বছর যাবৎ অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামে। আদালতের আদেশের পর বাদি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেও কোন ফল হয়নি। অজ্ঞাত কারণে স্থানীয় উপজেলা প্রশাসন পদক্ষেপ নেয়নি। ফলে অন্যের জমি দিয়ে যাতায়াত করছে ওই ভূক্তভোগী পরিবার। এতে বাধা প্রদান ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অবরুদ্ধ পরিবার সূত্রে ও সরেজমিনে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের রোস্তম আলীর সাথে একই গ্রামের জনৈক মৃত কিয়ামত আলীর পুত্র সায়েদ আলী ও মৃত খবির উদ্দিনের পুত্র ইব্রাহিমের সাথে একই মৌজার এস.এ-১৮ নং খতিয়ানের ৮৩ শতক ও বাড়ির সামনে খরিদকৃত ৫ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৩/০৪/২০১৮ ইং সালে রোস্তম আলীর স্ত্রী রোখসানা বেগম বাদি হয়ে সায়েদ আলী ও ইব্রাহিমের বিরুদ্ধে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং ২০। বিজ্ঞ আদালত গত ৩০/০১/১৯ ইং তারিখে বাদির আরজি ও কাগজ পত্রাদী পর্যালোচনা করে রোখসানা বেগমের পক্ষে রায় ঘোষনা করেন এবং মোকদ্দমার খরচ বাবদ ১০ হাজার ৫১০ টাকা বাদিকে প্রদানের জন্য বিবাদিদের নির্দেশ দেন। রায় ঘোষনার পর বিবাদিরা মোকদ্দমা খরচ না দিয়ে তারা রোখসানা বেগমের যাতায়াতের রাস্তায় আরও কঠিন ভাবে প্রাচির নির্মাণ করে চলাচল বন্ধ করে দিয়েছে।