যশোরের কেশবপুরে এক কিশোরী স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষককে কিশোরীর পরিবারের লোকজন আটকিয়ে রাখলে ধর্ষকের পরিবারের লোকজন মারপিট করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাইদ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সন্যাসগাছা গ্রামের সামসুর রহমানের ছেলে রুবেল হোসেন সোমবার রাত ৮টায় পার্শ্ববর্তী গ্রামের এক স্কুলছাত্রীর বাড়িতে যায়। তখন ছাত্রীটি বাড়িতে একা ছিল। সুযোগ বুঝে রুবেল ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর বাবা বাড়ি এসে রুবেলকে ধরে ফেলে। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রুবেলের আত্মীয় হারুন মোল্যা ও খালেদ মোলা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা করে। তাদের হামলায় ছাত্রীর বাবা গুরুতর আহত হন। তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা উল্লেখ করে ছাত্রীর বোন কেশবপুর থানায় মঙ্গলবার সন্ধ্যায় মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানান।