যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ রহমত উল্লার (৭৫) মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তিনি যশোর সদর উপজেলার বড় হৈবৎপুর গ্রামের মৃত. শেখ ওয়াহিদের ছেলে।
নিহতের স্বজন টোটন জানান, রহমত উল্লাহ স্ত্রীকে নিয়ে মঙ্গলবার দুপুরে থ্রি হুইলার যোগে যশোর শহরের খাজুরা বাসস্টান্ড থেকে চুড়ামনকাটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন খয়েরতলা এলাকার তেতুলতলা পৌছুলে থ্রিহুলারের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিলবোর্ডে ধাক্কা খায়। এ সময় রহমত ও তার স্ত্রী আনোয়ারা বেগম গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। বুধবার সকালে হাসপাতালের ডাক্তার কল্লোল মল্লিত বৃদ্ধ রহমত উল্লাহকে মৃত্যু ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। যশোর কোতয়ালি থানার এসআই মাহাবুব আলম আহত রহমত উল্লার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।