দিনাজপুরের পার্বতীপুরে তিন অবৈধ ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার হামিদপুর ইউনিয়নের সোহাগী ইটভাটা, আরএম ব্রিক্স ও ফাইভ স্টার ব্রিক্স এ তিন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান। তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ও পার্বতীপুর মডেল থানার এক দল পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান বলেন, সোহাগী ইট ভাটার ম্যানেজার নুর মোহাম্মদ কে ৬০ হাজার টাকা, আর এম ব্রিক্স এর ম্যানেজার মাহফুজার রহমানকে ৫০ হাজার ও ফাইভ স্টার ব্রিক্স এর ম্যানেজার মোহসেন আলীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের প্রত্যেককে ২০১৩ সালের পরিবেশ আইনের ইট প্রস্তুত ও স্থাপন (নিয়ন্ত্রণ) এবং ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে জরিমানা করা হয়।