ঘূর্ণিঝড় ‘সিয়ারা’র কারণে ডাচ ফুটবল লিগের চারটি ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। লিগে গতকালের ম্যাচগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান চ্যাম্পিয়ন আয়াক্সের উট্রেখ সফরে যাবার কথা ছিল। অপর ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা এজেড আল্কমারের তৃতীয় স্থানে থাকা ফেয়েনুর্ডকে আতিথ্য দেবার কথা ছিল। আল্কমার আয়াক্সের থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপর দুটি ম্যাচে স্পার্টা রটারডাম ডেন হাগের ও এফসি এমেন এফসি টোয়েন্টির বিপক্ষে মাঠে নামার কথা ছিল। সিয়ারার প্রভাবে প্রচন্ড বাতাস থাকায় ম্যাচগুলো স্থগিত করতে বাধ্য হয় কেএনভিবি। গতকাল দেশটির উপর দিয়ে ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে। খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্লাব, স্থানীয় কর্তপক্ষ ও পুলিশের সাথে আলোচনা সাপেক্ষে কেএনভিবি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে ম্যাচগুলোর নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। বিরুপ আবহাওয়ার কারণে বেলজিয়াম লিগেও কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে।