মেলবোর্ন স্টার্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি বিঘিœত ম্যাচে শনিবার ১৯ রানে জেতে সিক্সার্স। ১২ ওভারে ১১৬ রান তাড়ায় ৬ উইকেটে ৯৭ রানে আটকে যায় স্টার্সের ইনিংস। ২৯ বলে চারটি চার ও তিন ছক্কায় ৫২ রান করে ম্যান অব দা ফাইনাল হয়েছেন সিক্সার্সের কিপার-ব্যাটসম্যান জশ ফিলিপ। ২০১১-১২ মৌসুমে প্রথম আসরের পর আবারও অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো সিক্সার্স। অন্যদিকে, তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল মেলবোর্ন স্টার্সের। প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ হওয়া নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত তা মাঠে গড়ালেও নেমে আসে ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা সিক্সার্স ৫ উইকেটে করে ১১৬ রান। ১৫ বলে অপরাজিত ২৭ রান করেন জর্ডান সিল্ক ও স্টিভ স্মিথ করেন ১২ বলে ২১। স্টার্সের হয়ে অ্যাডাম জ্যাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্টার্স। ৫৪ রানের মধ্যে নাথ্যান লায়ন, জশ হেইজেলউড, স্টিভ ও’কিফরা তুলে নেন ৬ উইকেট। ২৬ বলে দুটি করে ছক্কা-চারে ৩৮ রানে অপরাজিত থাকেন নিক ল্যার্কিন।