দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়। এর আগে (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সমাবেশের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খ- খ- মিছিল নিয়ে আসেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। গণতন্ত্রের মুক্তির জন্য রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে।’
ঢাকা সিটি নির্বাচনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘কেয়ারটেকার সরকার বাতিল করার পরই জনগণ সরকারের নীলনকশা বুঝতে পেরেছিল। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের নামে জাতীয় তামাশা করা হয়েছিল। ১৯৭১ সালে দেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছে। তাই দেশের মালিকানা হবে দেশের মানুষের। এরপরও আমরা ভেবেছিলাম সুষ্ঠুভাবে সিটি নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু তা হয়নি। কারন আওয়ামী লীগ কখনও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তাই বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাসহ প্রশাসনকে দলীয়করণ করেছে।’
ঢাকা সিটি নির্বাচনের আরেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের সব মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছে।’
এদিকে সমাবেশ শুরুর আগে থেকেই ফকিরাপুল-নয়াপল্টনমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে উল্লেখ করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অনুমতির পর বিএনপি সমাবেশ শুরু করেছে। সমাবেশ স্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, পুরানা পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা ইসলাম, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর তা বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা বিচারাধীন।