নীলফামারীর সৈয়দপুরে রেলের মোট ৮০০ একর জমির মধ্যে ব্যবহার করছে মাত্র ৩৭৩ একর জমি। বাকি জমির সিংহভাগই অবৈধদারদের দখলে। আগামী ১০ ফেব্রুয়ারী সোমবার সৈয়দপুর রেল স্টেশন এলাকার মৌজা-সৈয়দপুর, জেএল নং-৩৭, দাগ নং-৩৪ এর দক্ষিণ অংশ (পৌরসভা বিরোধীয় ১ দশমিক ৮২৫০ একর বাদে) ও ৩৩২ নং দাগে সম্পর্ন ও মৌজা-নিয়ামতপুর, জেএল নং-৩৫, দাগ নং-১০৯,১১০ ও ১১১ দাগের জমি উদ্ধারে নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে একজন নির্বাহী ম্যজিষ্ট্রেট নিয়োগসহ সশস্ত্র পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরে রেলের ব্যবহৃত জমি বাদে প্রায় ৪২৭ একর জমি বিভিন্নভাবে অবৈধ দখলদাররা ব্যবহার করছে। এর মধ্যে কিছু জমি কৃষি ও জলাশয়ের নামে লিজ দেয়া আছে। ২৫ দশমিক ৭৫ একর জমি সৈয়দপুর পৌরসভা রেলওয়ের সাথে চুক্তি মোতাবেক ব্যবহার করছে। বাকি জমির ওপর ইচ্ছামত গড়ে তোলা হয়েছে বড় বড় ইমারত, ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট শিল্প কারখানা। এ ছাড়া একটি বড় অংশে বসবাস করছে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ। রেলওয়ের এসব অব্যবহৃত জমি বেচাকেনাও হয় চড়া দামে। বেশির ভাগ রেলওয়ে কোয়ার্টার, বাংলো অবৈধ দখলদারদের কবলে। রেলওয়ে কর্তৃপক্ষ এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এবিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ডিভিশনাল এস্টেট কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, জনগণের স্বার্থে এগুলো আমরা দখলে নিব। যারা শর্ত মেনে লিজ নিয়েছেন তাদের আমরা সুযোগ দিব। আর যারা শর্ত ভেঙেছেন তাদের হয়তো সংশোধনের সুযোগ দিব অথবা উচ্ছেদ করব।
পার্বতীপুর রেল কাছারি কানুনগো জিয়াউল হক বলেন, সৈয়দপুরে রেলওয়ের ৮০০ একর জমির মধ্যে কৃষি জমির জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫৫ একর। জলাশয়ের জন্য দেয়া আছে ২১ দশমিক ৩৮ একর। বাণিজ্যিক বরাদ্দ ১ একর ও পৌরসভার কাছে রয়েছে ২৫ দশমিক ৭৫ একর।