যশোরে আবু সালেহ মোহম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক চেক ডিজঅনার মামলার বাদীকে অপহরণের পর পিটিয়ে জখম করেছে আসামি পক্ষ। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
আহত আব্দুল্লাহ জানান, তার কাছ থেকে ব্যবসার কথা বলে একই গ্রামের তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি ব্যাংকের চেক জমা দিয়ে ৩৭ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরিশোধের সময় পার হলেও তরিকুল টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করছিলেন। একপর্যায়ে আব্দুল্লাহ আদালতে মামলা করেন। বুধবার ছিলো এ মামলার দিন। বিকাল সাড়ে তিন টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈদগাহ ময়দানের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার তাকে গতিরোধ করে। এ সময় অভিযুক্ত তরিকুল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের জন্য প্রাইভেট কারে তুলে চুড়ামনকাটির দিকে নিয়ে যাচ্ছিলেন। গাড়ির ভেতর তরিকুলসহ চার-পাঁচজন তাকে মারধর করে। গাড়িটি পুরাতন কসবা টালিখোলা পৌঁছালে পুলিশ গতিরোধ করে তাকে উদ্ধার করে। এরপর পুলিশ সদস্য ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।