আগামী ২১ মার্চ জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ, ভোটগ্রহণ হবে ২১ মার্চ।
সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা থাকায় গাইবান্ধা-৩ আসনে আগামী ২৫ মার্চ, ঢাকা-১০ আসনে ২৭ মার্চ ও বাগেরহাট-৪ আসনে ৮ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সরকারি দলের ইউনূস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসন শূন্য হয়।