ফুটবলারদের নিবেদন নিয়ে সংবাদমাধ্যমে কৌতূহল জাগানিয়া মন্তব্য করেছিলেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল। সেটি খুব ভালোভাবে নেননি লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ক তার সাবেক সতীর্থের মন্তব্যের জবাব দিয়েছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে আবিদাল দাবি করেন, সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের সময় ফুটবলারদের অনেকে মাঠে শতভাগ দেননি। “অনেক ফুটবলার (ভালভেরদের কোচিংয়ে) খুশি ছিল না কিংবা কঠোর পরিশ্রম করছিল না। নিজেদের মধ্যে যোগাযোগেও সমস্যা ছিল।” “ড্রেসিংরুমের সবার সঙ্গে কোচের সম্পর্ক সবসময়ই ভালো ছিল, তবে সাবেক খেলোয়াড় হিসেবে আমি কিছু আভাস পাচ্ছিলাম। নিজের ভাবনা ক্লাবকে জানিয়েছি আমি এবং (ভালভেরদের ব্যাপারে) আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই।” গত জানুয়ারিতে ভালভেরদেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা। আবিদালের মন্তব্যের জবাব দেওয়ার জন্য মেসি বেছে নিয়েছেন ইনস্টাগ্রামকে। “ফুটবলারদের নিয়ে এ ধরনের কথা বললে তাদের নাম উল্লেখ করা উচিত। তা না হলে, অনেক কিছু ছড়ায় যা সত্যি নয়।” “সত্যি বলতে, এসব নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। তবে আমি মনে করি, নিজের পেশা ও সিদ্ধান্তের প্রতি সবাইকে দায়বদ্ধ থাকতে হবে।” “মাঠের সবকিছুর দায়িত্ব ফুটবলারদের এবং ভালো করতে না পারলে আমরাই প্রথমে দায় নিই। স্পোর্টস বিভাগের প্রধানকেও দায়িত্ব নিতে হবে এবং সবকিছুর ওপরে তাদের সিদ্ধান্তের দায়ভার নিতে হবে।”