সকালে ঢাকায় পা ফেলেছেন আর্জেন্টিনার জাতীয় দলে একসময় খেলা হার্নান বার্কোস। ঢাকায় পা দিয়েই বসুন্ধরা কিংসের হয়ে ভালো একটি মৌসুম কাটানোর ঘোষণা দিয়েছেন তিনি। ঢাকা বিমানবন্দরে নেমেই বসুন্ধরা কিংসের জার্সি গায়ে জড়িয়ে নিয়েছেন বার্কোস। তবে তার সেই ঝাঁকড়া চুল উধাও! সেখানে সংবাদমাধ্যমকে উচ্ছ্বসিত কন্ঠে বলেছেন, ‘বাংলাদেশে খেলতে পারাটা আমার জন্য আনন্দের। এখানে আশা করছি ভালো অভিজ্ঞতা হবে।’ ঢাকায় আসার আগে ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশ সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছেন বার্কোস। বসুন্ধরা সম্পর্কেও খবর নিয়েছেন তিনি। খোঁজ-খবর নিয়ে তিনি খুশি, ‘ এখানে আসার আগে ইন্টারনেটে দেখেছি। বসুন্ধরা নতুন ক্লাব। কলিনদ্রেস বিশ্বকাপে খেলেছে। তার সঙ্গে খেলবে। ভালোই হবে।’ লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতাও ভাগাভাগি করলেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ, ‘মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে। এটা আসলেই অন্যরকম বিষয়। সে অনেক ভালো খেলোয়াড়।’ বসুন্ধরা কিংসের লিগ শিরোপা অক্ষুন্ন রাখার মিশনের কথা জানিয়ে দিলেন বার্কোস,‘বসুন্ধরা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের শিরোপা ধরে রাখতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেতে চাই।’ আপাতত ১০ মাসের চুক্তি, মাসিক ২০ হাজার ডলার পারিশ্রমিকে বার্কোসকে দলে আনা হয়েছে। বাংলাদেশি টাকায় অঙ্কটা ১৬ লাখ ৯৬ হাজার টাকা! বার্কোস ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন। খেলার অভিজ্ঞতা আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও। চার ম্যাচে জাতীয় দলের হয়ে খেললেও কোনও গোল করতে পারেননি। তবে ক্লাব ক্যারিয়ার কম সমৃদ্ধ নয় বার্কোসের। ব্রাজিলের পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন। আর বসুন্ধরার আগে সর্বশেষ খেলেছেন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে। সেখানে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।