আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন। তাদের দলে যেমন ঐক্য নেই, তেমনি সংগঠন বলেও কিছু অবশিষ্ট নেই। তবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনো রাজনৈতিক শক্তি দেশে নেই। তাই দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, তা আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছি। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে বিপুল ভোট পেয়ে দলের মনোনীত মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। যেকোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। পাশাপাশি সংগঠনের মধ্যে নেতাকর্মীদের নৈতিকতা সমৃদ্ধ করা প্রয়োজন। সব জায়গায় যে অবক্ষয় তা থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে। সংগঠনের নেতাকর্মীদের নৈতিক মনোবল বাড়াতে হবে।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্রক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবো।’
সিটি নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের কেন্দ্র দখলের অভিযোগ নাকচ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় থাকে। এবারও নির্দিষ্ট দূরত্বে আইন মেনে আমাদের দলের ক্যাম্প করা হয়েছিল। আমাদের মতো করে বিএনপিকে সেভাবে দেখা যায়নি। এর কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা। আমাদের নেতাকর্মীদের কেন্দ্রের বাইরে দেখা গেছে, এর কারণ হচ্ছে সাংগঠনিক শক্তি।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।