১২তম ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মত সীমিত ওভারের ম্যাচে খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কেপ টাউনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। সদ্য শেষ হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৯১ ব্যবধানে হারিয়েছে সফরকারী ইংলিশরা। তবে ভিন্ন ফর্মেট হওয়ায় উভয় দলই জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় দু’দল। গত মে’তে ইংল্যান্ড এ- ওয়েলসে বসে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টের ফাইনালে অদ্ভুত নিয়মে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ইংলিশরা। ৫০ ওভারে দু’দলই সমান ২৪১ রান করে করেছিলো। ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে গড়ায়। সেখানেই সমান-সমান ১৫ রান করে দু’দল। কিন্তু আইসিসির নিয়মনুযায়ী, ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকানো দলকে বিজয়ী করা হয়। ইংল্যান্ড ২৩টি চার ও ৩টি ছক্কা মারে। আর নিউজিল্যান্ড ১৪টি চার ও ৩টি ছক্কা হাঁকায়। অপরদিকে, লিগ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের কাছে হার দিয়ে আসর শুরু করেছিলো প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৯ খেলায় ৩জয়, ৫হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম হয় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের পর আর কোন ওয়ানডে ম্যাচ খেলেনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। উভয় দলই দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে ওয়ানডে ম্যাচে খেলতে নামছে। বিশ্বকাপজয়ী আট খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে রেখেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দলে আছে বিশ্বকাপ দলের পাঁচ খেলোয়াড়। তবে নতুন অধিনায়কের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে বিশ্রাম দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে দলের ভার উইকেটরক্ষক কুইন্ট ডি ককের কাঁধে। এ ছাড়া বিশ্রাম দেয়া হয়েছে পেসার কাগিসো রাবাদাকে। অন্য দিকে ইংল্যান্ডও দলের সেরা খেলোয়াড়দেরই বিশ্রাম দিয়েছে। বিশ্বকাপের হিরো বেন স্টোকসের সাথে বিশ্রামে আছেন- জশ বাটলার ও মার্ক উড। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ছিলেন তারা। তবে ইনজুরির কারণে ওয়ানডে দলে সুযোগ হয়নি আর্চারের। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ। এ ছাড়া সুযোগ হয়েছে লেগ-স্পিনার ম্যাট পারকিনসন, টেস্ট অলরাউন্ডার স্যাম কারান ও টম কারানের। ইনজুরিকে জয় দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। ফিটনেসে উর্ত্তীন হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরমেন্স প্রদর্শনের পুরস্কার পান এনগিডি। তার সাথে আছেন উদীয়মান পেসার লুথো সিপামলা। জাতীয় দলের হয়ে ৫টি টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সদ্যই টেস্ট সিরিজে ব্যর্থতাকে ভুলে ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এমনটাই বললেন এনগিডি। তিনি বলেন, ‘টেস্ট সিরিজে দলের পারফরমেন্স ছিলো হতাশার। এখন আমাদের সামনে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ জয় আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয়। টেস্ট সিরিজে আমরা যেমনটি চেয়েছিলাম, তা হয়নি। এখানে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। প্রোটিয়ারা এখনও জ¦লে উঠতে পারে তা প্রমান করতে হবে আমাদের।’ ইংল্যান্ড দলে স্টোকস ও বাটলারের না থাকা নিয়ে চিন্তিত নন এনগিডি। নিজেদের খেলায় মনোযোগি হয়ে সিরিজ জিততে চান এনগিডি, ‘আমাদের বিপক্ষে কে খেলবে, সেটি বিবেচ্য বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। এমনকি তারা থাকলেও আমাদের সিরিজটি জিততে হবে। আমরা সিরিজ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’ সিরিজ জয়ের সুর ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোরও। বিশ্বকাপের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তারা, ‘সিরিজ জয়ের জন্য আমরা মাঠে নামবো। বিশ্বকাপে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড় নেই। যারা নতুন, তাদের জন্য এটি ভালো সুযোগ।’