বছরের শুরুতেই রোহিত শর্মার জন্য খারাপ সংবাদ! ২০১৯ সাল কেটেছে স্বপ্নের মতো। ওয়ানডে বিশ্বকাপের বছরে ৫০ ওভারের ম্যাচ তো ছিলই, টেস্টেও পুনর্জন্ম হয়েছে রোহিতের। বিশ্বকাপ ইতিহাসে এক নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি করেছেন। সাফল্যের সেই পথ তাকে ফিরিয়ে নিয়েছে টেস্ট আঙিনায়। ওপেনার হিসেবে ক্রিকেটের লম্বা সংস্করণে হয়েছে প্রত্যাবর্তন। যে ছন্দ ধরে রেখে নতুন বছরটাও সাফল্যে মুড়িয়ে রাখারই প্রত্যাশা থাকার কথা রোহিতের। কিন্তু ২০২০ সালের শুরুতেই লাগলো চোটের ধাক্কা! পায়ের চোটে নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে ভারতীয় ওপেনারের। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে তেমনটাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশ্বস্ত সূত্র তাদের জানিয়েছে, সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। এরপর কিউইদের সঙ্গে রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। আগামীকাল বুধবার হ্যামিল্টনের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে রোহিত খেলতে পারবেন না বলেই খবর পিটিআই-এর। বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্তা তাদের নিশ্চিত করেছে, ‘রোহিতের নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে।’ রোববার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় পায়ের পেশির চোটে পড়েন ভারতীয় ওপেনার। বিরাট কোহলি বিশ্রামে থাকায় অধিনায়ক হিসেবে মাঠে নামা রোহিত ব্যাট করেছেন তিন নম্বরে। খেলেছেনও দারুণ। ৪১ বলে ৬০ রান করার পর চোটে আহত হয়ে অবসরে যেতে হয় তাকে। ফিল্ডিংয়েও নামেননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। এখন আবার পিটিআই বলছে, নিউজিল্যান্ড সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। ওয়ানডেতে রোহিত বরাবরই দুর্দান্ত। ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিকের জন্য বিশ্বকাপটা হয়ে থাকবে স্মরণীয়। ৬৪৮ রান করে হয়েছেন টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডের সাফল্য তাকে দেয় টেস্টে ওপেন করার সুযোগ। এর আগে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পাঁচদিনের ক্রিকেট খেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ওপেনার হিসেবে শুরু করেন নতুন সফর। আর যেভাবে শুরুটা করলেন, রোহিত সম্ভবত নিজেও সেটা ভাবেননি! বিশাখাপত্তনম টেস্টের দুই ইনিংসই রাঙালেন সেঞ্চুরিতে। পরে রাঁচি টেস্টে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। সাফল্যের সেই জুতোয় পা গলিয়ে নতুন বছর শুরুর অপেক্ষায় ছিলেন। কিন্ত্ ুসেটা সম্ভবত হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও ২০২০ সালে টেস্টের প্রথম পরীক্ষা তার নিউজিল্যান্ড সিরিজই।