শততম ম্যাচে ফিফটি করলেন রস টেইলর। টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ পেরুনো ইনিংস খেললেন টিম সাইফার্ট। এরপরও ম্যাচ শেষে চিত্র সেই একই; সান্ত¡নার জয়ও পেল না নিউ জিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে অনায়াস জয় তুলে নিয়েছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে রোববার শেষ টি-টোয়েন্টিতে ৭ রানে জিতেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ ৫-০তে জিতে নিল সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করে ভারত। কিউইরা আটকে যায় ৯ উইকেটে ১৫৬ রানে। আগের দুই ম্যাচে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে হেরেছিল নিউ জিল্যান্ড। এদিন শেষ ওভারে তাদের করতে হতো ২১। দ্বিতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চের আভাস দেন ইশ সোদি। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। ব্যাট হাতে শুরুটাও বাজে ছিল নিউ জিল্যান্ডের। ১৭ রানের মধ্যে বিদায় নেন মার্টিন গাপটিল, কলিন মানরো ও টম ব্রুস। চতুর্থ উইকেটে টেইলর ও সাইফার্টের ৯৯ রানের জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। শিবাম দুবের করা ইনিংসের দশম ওভারে তিন ছয় ও দুই চারে ৩৪ রান তুলে রান-বলের সমীকরণটাও নাগালে আনে। তবে সিরিজজুড়ে দারুণ বোলিং করা ভারত শেষ দিকে আবারও ঘুরে দাঁড়ায়। ৩০ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করা সাইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙেন নবদিপ সাইনি। ড্যারিল মিচেলকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। ওভারে জোড়া আঘাত হানেন শার্দুল ঠাকুর। ৩ উইকেটে ১১৬ থেকে ৭ উইকেটে ১৩২ হয়ে যায় স্কোরবোর্ড। নিউ জিল্যান্ডের আশা অনেকটাই শেষ হয়ে যায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেইলরের বিদায়ে। শততম ম্যাচে ৪৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৩ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানকেও ফেরান সাইনি। ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা বুমরাহ। দুটি করে নেন সাইনি ও শার্দুল। তৃতীয় ম্যাচে কাঁধে চোট পাওয়া কেন উইলিয়ামসন এই ম্যাচেও খেলতে পারেননি। বিরাট কোহলি বিশ্রামে যাওয়ায় ভারতের নেতৃত্বে ছিলেন রোহিত। দিনের শুরুটা ভালো ছিল না টসজয়ী ভারতের। দ্বিতীয় ওভারে স্কট কুগেলাইনের শিকার হন সাঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটিতে দলকে এগিয়ে নেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও রোহিত। ২২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৫ রান করে হামিশ বেনেটের শিকার হন রাহুল। শ্রেয়াস আইয়ার আসার পর রানের গতি কমে যায়। পায়ের মাংশপেশিতে টান পেয়ে মাঠ ছাড়েন রোহিত। এর আগে ৪১ বলে ৩টি করে ছক্কা-চারে করেন ৬০ রান। বড় শটের জন্য হাপিত্যেস করতে থাকা আইয়ার অপরাজিত থেকে যান ৩১ বলে ৩৩ রানে। শেষ ওভারে মনিশ পান্ডের একটি করে ছক্কা-চারে ১৬০ পেরোয় ভারত। ২৫ রানে ২ উইকেট নেন কুগেলাইন। ৫ ইনিংসে ৫৬ গড়ে ২২৪ রান করা লোকেশ রাহুল হন সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬৩/৩ (রাহুল ৪৫, স্যামসন ২, রোহিত ৬০ আহত অবসর, আইয়ার ৩৩*, দুবে ৫, মনিশ ১১*; সাউদি ৪-০-৫২-০, কুগেলাইন ৪-০-২৫-২, বেনেট ৪-০-২১-১, সোদি ৪-০-২৮-০, স্যান্টনার ৪-০-৩৬-০)
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৯ (গাপটিল ২, মানরো ১৫, সাইফার্ট ৫০, ব্রুস ০, টেইলর ৫৩, মিচেল ২, স্যান্টনার ৬, কুগেলাইন ০, সাউদি ৬, সোদি ১৬*, বেনেট ১*; ওয়াশিংটন ৩-০-২০-১, বুমরাহ ৪-১-১২-৩, সাইনি ৪-০-২৩-২, চেহেল ৪-০-২৮-০, দুবে ১-০-৩৪-০)
ফল: ভারত ৭ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ৫-০ জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ
ম্যান অব দা সিরিজ: লোকেশ রাহুল