বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মহাকারচুপি হয়েছে। সাধারণ ভোটারদের ফিংগারপ্রিন্ট নেওয়ার পর আওয়ামী লীগের কর্মীরা তাদের ভোট দিয়ে দিয়েছেন। আমাদের পোলিং এজেন্টদের আগেই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাই আমি মনে করি এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে আমরা ৮০ শতাংশেরও বেশি ভোট পেতাম।’
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পরে গোপীবাগে অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিএসসিসিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘সরকার অপকৌশল সৃষ্টি করে একটি জালিয়াতির নির্বাচন করেছে। এত বড় ঐতিহাসিক দল, তাদের নির্বাচনে জিততে হলে এ ধরনের কৌশল অবলম্বন করতে হয়! তাদের লজ্জা হওয়া উচিত। তাছাড়া আজ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শেষমেশ জনগণেরই বিজয় হবে। আমি কোনো অভিযোগ দিচ্ছি না। আমি বাস্তবতা তুলে ধরেছি। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন নির্বাচনে কী হয়েছে। আমি বলতে পারি, আমাদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা বলতে পারবেন কী হয়েছে। তারা যখন রাতে আয়নার দিকে তাকাবেন তখন বিস্তারিত দেখতে পারবেন। আর ভোট প্রত্যাখ্যান করার বিষয়টি দলীয়। দল যা সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেবো।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকেই বলে আসছি বাংলাদেশের মানুষ ইভিএমের মাধ্যমে ভোট দিতে অভ্যস্ত নয়। একজন ফিংগারপ্রিন্ট দেওয়ার পর অন্যজন ভোট দিয়ে দিচ্ছেন। আমরা এটাও জেনেছি, এক শতাংশের পরিবর্তে বিশেষ কোড ব্যবহার করে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ভোট প্রিজাইডিং অফিসাররা দিয়ে দিয়েছেন। তাছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রহমান তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, তারা ভোটকেন্দ্র দখল করে নিয়ন্ত্রণ করবেন। আমরা অনেক সংযত ছিলাম। বিএনপি কোনো বিশৃঙ্খলা করেনি। আমরা তা সহ্য করেছি। কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেখাইনি। বিএনপি প্রতিক্রিয়া দেখালে অনেক সহিংসতা হতো।’
ভোট কাস্টিংয়ের হার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। তাছাড়া অনেক প্রিজাইডিং অফিসারও আমাদের পেছনে পেছনে ঘুরেছেন। তারা বলেছেন, তাদের হাত-পা বাঁধা। আমরা কী করবো?’