আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই কারচুপি ও ব্যাপক অনিয়মের কথা বলে ফল প্রত্যাখ্যানসহ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ। এছাড়াও প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রার্থীরা নিজেরাও নির্বাচনে কারচুপির কথা বলতে পারেনি। এরপরও শুধু পরাজয়ের আশঙ্কায় বা নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে তড়িঘড়ি করে হরতাল ডেকে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ দিয়েছে। আমরা এ ধরনের কর্মসূচির কঠোর নিন্দা জানাই। তাছাড়া হরতালের মতো কর্মসূচি ঢাকাবাসী মেনে নিবে না।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।