বাংলাদেশের ব্যাটিং লাইন আপে টপ অর্ডারে আধিক্য বাঁহাতি ব্যাটসম্যানদের। তাদেরকে সামলাতে বাঁহাতি স্পিনার বাদ দিয়ে অফ স্পিনার দলে ফিরিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপি-ি টেস্টের পাকিস্তান দলে জায়গা পেয়েছেন বিলাল আসিফ। দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফও। এক টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার কাশিভ ভাট্টি ও বাঁহাতি পেসার উসমান খান শিনওয়ারি। নিজের সবশেষ সিরিজেও ২০১৮ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বিলাল। তার পরও জায়গা হারিয়েছিলেন দলে। ২০১৫ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, দ্বিতীয় ওয়ানডেতেই নিয়েছিলেন ৫ উইকেট। এরপর প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। পরে অবশ্য মুক্তি পান দ্রুতই। ২০১৮ সালে টেস্ট অভিষেকে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছিলেন ৩৬ রানে ৬ উইকেট। সব মিলিয়ে ৫ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ১৬ উইকেট। তার ব্যাটের হাতও মন্দ নয়। সবশেষ পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ৯ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট। সেই পারফরম্যান্সই আবার তাকে ফেরাল টেস্ট দলে। মূল স্পিনার ইয়াসির শাহ যথারীতি আছেন দলে। আগের সিরিজের স্কোয়াডে জায়গা পেলেও একাদশে সুযোগ না পাওয়া ব্যাটসম্যান ফাওয়াদ আলম টিকে গেছেন দলে। আগামী শুক্রবার থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তানের রাওয়ালপি-ি টেস্ট। পাকিস্তান দল ম্যাচের ভেন্যুতে যাবে সোমবার। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে মঙ্গলবার।
পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।