ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের বাসায় হামলার ঘটনায় প্রার্থীসহ তার নেতাকর্মীরা আহত হয়েছেন। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তফাজ্জল হোসেনের ভাই ও তার লোকজন এই হামলা চালায় বলে দাবি নাসির উদ্দিনের। তিনি ঠেলা গাড়ি প্রতীক এর স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে রূপনগর আবাসিক এলাকার ৮নম্বর সড়কের বাসায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
নাসির উদ্দিন বলেন, ‘রেডিও প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী তফাজ্জল হোসেনের ভাই ও তার লোকজন অতর্কিত আমার ওপর হামলা চালায়। এ সময় আমি বাড়ির ভেতরে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম। আমি পায়ে আঘাত পেয়েছি। তারা আমার লোকজনকে মারধর করেছে। তার দাবি,
হামলা করে চলে যাওয়ার সময় তফাজ্জলের ভাই ও অন্য আরেকজন আটকা পড়ে। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’
কাউকে আটকের বিষয়টি অস্বীকার করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। কেউ হতাহত হয়নি, কাউকে আটকও করা হয়নি।’