জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের জলিল হাওলাদারের মুরগির ফার্ম থেকে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া উপজেলার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিৎ কুমার বিশ্বাস বলেন, আটককৃতরা হলো-মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ হাওলাদার, পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, একই এলাকার মনির বেপারী, মামুন আকন, সুমন বেপারী, সুনীল হালদার, মানিক বেপারী, সিদ্দিক বেপারী, সোহাগ খান ও মানিক মিয়া। তিনি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলিল হাওলাদারের মুরগির ফার্মে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।