বাকেরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এইচ এম শাহআলম শাহ’র নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাকেরগঞ্জ প্রেসক্লাবের সদর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক অরুণ দাস, মোঃ পলাশ হাওলাদার, মোঃ বেলাল হোসেন, উত্তম কুমার, সাখাওয়াত হোসেন মনির প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এইচ এম শাহআলম শাহ একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। দীর্ঘদিন ধরে তিনি এই পেশায় নিয়োজিত থেকে একটি পত্রিকা প্রকাশনা করছেন। তিনি ২৬ ডিসেম্বর সকালে আমতলী উপজেলার চালতাবুনিয়া গ্রামে একটি ব্রিক ফিল্ডে পেশাগত দায়িত্ব পালনকরে বরিশালের উদ্দেশ্যে ফিরছিলেন। এমন সময় আমতলী থানা পুলিশ কোন ধরনের মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করে। পরবর্তীতে এলাকার একটি কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিল করতে ওই ব্রিক ফিল্ডের মালিক মাসুদ হাসানের উপর চাপ প্রয়োগ করে তাকে বাদী করে সাংবাদিক শাহআলমের নামে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ওই মামলায় তিনি কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্তি পেয়েছেন। প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে তার নামে মিথ্যা মামলা দায়েরের তিব্র নিন্দা জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবি জানান।