রাজধানীর খিলক্ষেতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল ও শাহীন নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে পুলিশের দাবি, তারা দু’জনই ছিনতাইকারী দলের সদস্য। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার এবং ছিনতাইকারীদের হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে চারটায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন, ‘খিলক্ষেতের ডুমনি কালি মন্দির আহব পাড়া বরাবর ৩০০ ফিট রাস্তা এবং দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় হাতিরঝিল থানার পুলিশের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত দু’জনই ছিনতাইসহ চার খুনের সঙ্গে সরাসরি জড়িত। তাদের নামে হাতিরঝিল থানায় একটি, খিলক্ষেত থানায় দুইটি এবং ভাটারা থানায় তদন্তাধীন একটি মামলা রয়েছে।’