দিনাজপুরের পার্বতীপুরে ধান ব্যবসায়ী আমিনুল হক (৪৫) কে হত্যার অভিযোগ উঠেছে। সে উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর দরিখামার গ্রামের মৃত মহির উদ্দিন মুন্সীর ছেলে। গত মঙ্গলবার গভীর রাতে পার্শ্ববতী দরিখামার গ্রামের জনৈক রফিকুলের বাড়ীর সন্নিকটে রাস্তায় অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে নিহতের বন্ধু সামছুল ও আখেরজামাল। তারা কাজীপাড়া গ্রামের ভ্যান চালক আজিবারের ভ্যানে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে একটি মাইক্রোবাসে করে তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাবার সময় তিনি মারা যান। তার স্ত্রী ও ৮ বছরের ১ ছেলে রয়েছে।
নিহতের স্বজনদের দাবী পাওনা টাকার জন্য আমিনুল কে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে আজ বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কোন মামলা হয়নি বলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সোহেল রানা জানিয়েছেন।