ইটভাটা খ্যাত এলাকা হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় স্থাপন করা অবৈধ ইটভাটায় ভ্রাম্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার দুপুরে সহকারী কমিশনার(ভ’মি) আল মামুন ওই অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান তাঁর সাথে ছিলেন। আদালত অভিযান কালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হরিপুর আর এম এ, এ এস এম, আর এ আর ও অলোক এস আর ইটভাটায় অভিযান চালায়। অভিযান চলাকালে আর এম এ এবং অলোক এসআর ইটভাটায় ফায়ার সার্ভিসের ঘটিকা পাম্প মেশিন দ্বারা পানি দিয়ে ভাটার ইট নষ্ট করে দেয়ার চেষ্টা করা হয়। এ এস এম ইটভাটার রিটের কাগজ রয়েছে বলে ভ্রাম্যমান আদালতকে জানানো হয়। সহকারী কমিশনার(ভ’মি) আল মামুন জানান, অভিযানকালে আদালত আর এম এ এবং আর এ আর ইট ভাটার ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।