বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান বলেছেন, দেশে ডিজেলের কোনো সংকট নেই। অথচ হঠাৎ করেই শোনা যাচ্ছে দেশে ডিজেলের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে দামও। বেড়ে গেছে ডিজেল বিক্রির পরিমাণ। তাই কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায় করতে চাইলে অথবা অবৈধ মজুত গড়ে তুললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিপিসি।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে সতর্ক করে সংস্থাটি।
চেয়ারম্যান আরো বলেন, আমাদের এই মুহূর্তে ১৩ দিনের ডিজেল মজুত আছে। ১৫ ফেব্রুয়ারিতে এই মজুত গিয়ে দাঁড়াবে ২৫ দিনের। ১ মার্চ তা বেড়ে দাঁড়াবে ২৯ দিনের। আজ দুই জাহাজে ৩৫ হাজার মেট্রিক টন এবং বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুটি জাহাজে ৩৩ হাজার টন ডিজেল আনলোড হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে মোট মজুত গিয়ে দাঁড়াবে ৫ লাখ ১৯ হাজার মেট্রিক টনে। এছাড়া কুতুবদিয়ায় আরও ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন মজুতের একটি জাহাজ রাখা হচ্ছে। যেটিতে ৪০ দিনের রিজার্ভ রাখা হবে। আমরা উল্টো এই অতিরিক্ত ডিজেল কীভাবে বিক্রি করবো তা নিয়ে পরিকল্পনা করছি।
অস্বাভাবিক বিক্রির বিষয়ে তিনি বলেন, আমরা লক্ষ করেছি গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর বিক্রি প্রায় দ্বিগুণের কাছাকাছি। জানুয়ারি মাসের কয়েকটা দিনের হিসেবে প্রায় অস্বাভাবিক বিক্রি আমাদের নজরে এসেছে। তাছাড়া সংকট তৈরির জন্য কেউ বাড়তি মজুত করছে কিনা, তা জানতে সংশ্লিষ্ট ডিপোগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে বোঝা যাবে কোথায় সমস্যা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তেল পাচারের বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত ডিজেল কিনে কেউ যাতে পাশের দেশে বিক্রি করতে না পারে, সেজন্য আমরা সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি।
দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এরপর আন্তর্জাতিক বাজারে দাম উঠা-নামা করলেও আমরা একই দামে এখনও তেল বিক্রি করছি। নতুনভাবে দাম নির্ধারিত না হলে এই দামই বহাল থাকবে। ডিজেলের দাম আলাদাভাবে বাড়ার কোনো সুযোগ নেই। তাই ডিজেল সংকটের গুজবে কান দিবেন না।