মৌসুম জুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্সের কারণে প্রায়ই তোপের মুখে পড়ছেন দলটির কোচ উলে গুনার সুলশার। ঘরের মাঠে ৫৭ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে বার্নলির বিপক্ষে হারের পর জোরালো হয়েছে সেই সমালোচনা। এমন অবস্থায় ধারাবাহিক সাফল্যের জন্য সময় চেয়েছেন নরওয়ের এই কোচ। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার ২-০ গোলে বার্নলির বিপক্ষে হারে ইউনাইটেড। শীর্ষ লিগে ১৯৬২ সালের পর ইউনাইটেডের মাঠ থেকে প্রথম জয় নিয়ে ফিরে বার্নলি। চলতি মৌসুমে এটা ইউনাইটেডের অষ্টম হার। সব প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে জয় মোটে দুটি। ২৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টারের দলটি। চারে থাকা চেলসির চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেয়ার পর গত মৌসুমে তাদের প্রথম শিরোপা এনে দেন জার্মান কোচ ক্লপ। সাফল্যের প্রশ্নে তার উদাহরণ দিয়ে সময় চান সুলশার। “অবশ্যই, আপনারা দেখতে পারেন যে অন্য দলগুলো ভালো করেছে। ইয়ুর্গেন (ক্লপ) তার দল গড়ে তুলতে চার বছর সময় নিয়েছে। আর এখন তারা ভালো করছে। আমি এটা অনেকবার বলেছি। রাতারাতি কিছুই ঠিক হবে না।”