দেবহাটায় নিন্মমানের চাল আটকের ঘটনায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। জানা গেছে, মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা সুপার মার্কেট থেকে ৩১৭ বস্তা নিম্নমানের চাল ট্রলিযোগে সাতক্ষীরা নিয়ে যাওয়ার সময় দেবহাটা উপজেলার সখিপুর লাইট হাউজ সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ চাল আটক হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন। বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন চাল ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে শহিদুল ইসলাম (৪২) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, এই নিন্মমানের চাউলগুলো সাতক্ষীরায় নিয়ে গিয়ে ক্যামিক্যাল দ্বারা ফর্সা ও ভালো করার চেষ্টা করা হতো। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।