দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধুকে গলা টিপে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
এ ঘটনাটি গত ২৫ জানুয়ারি দিবাগত রাত ১ টা হতে ভোর ৬ টার মধ্যে উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মাস্টার পাড়ায় ঘটেছে।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, উপজেলার আলোকডিহি ইউনিয়নের কেষ্টহরি বাজারের পার্শস্থিত আশাদুল হকের মেয়ে আয়েশা সিদ্দিকা(২১) এর সাথে সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মাস্টার পাড়ার রাশেদ খান লিমনের (৩০) পারিবারিকভাবে ৫ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর হতে যৌতুকের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ভালো ছিলনা। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েক বার সালিস বৈঠক হয়।
চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই তাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। প্রয়োজনীয় সুরতহাল করে ময়নাতদন্তের মরদেহ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ না দেয়ায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ফরেনসিক (বিশেষজ্ঞ) রিপোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী মহল হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ৫ লক্ষ টাকার বিনিময়ে উভয় পক্ষের মধ্যে দফারফা করে দিয়েছে। এজন্য কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।